ট্রাম্পের সঙ্গে কখনো কথা হয়নি, তবে রিপাবলিকান পার্টিতে আমার বন্ধু আছে ড. মুহাম্মদ ইউনূস



 যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অতীতে কখনো কথা হয়নি। তাই ব্যক্তিগতভাবে ট্রাম্পের সঙ্গে তাঁর কোনো সমস্যা নেই। তবে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির মতো রিপাবলিকান পার্টিতে তাঁর বন্ধু আছে।

কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস এসব কথা বলেছেন। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের (কপ২৯) ফাঁকে আল-জাজিরাকে এ সাক্ষাৎকার দেন তিনি। গতকাল রোববার ভিডিও সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয়।

২৮ মিনিট ৩০ সেকেন্ডের সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে সৃষ্ট সংকট, অন্তর্বর্তী সরকার, চলমান সংস্কারপ্রক্রিয়া, আগামী নির্বাচন, সংখ্যালঘু পরিস্থিতি, ট্রাম্প প্রশাসনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক কেমন হতে পারে—এমন অনেক বিষয় নিয়ে কথা বলেছেন ড. ইউনূস।

সাক্ষাৎকারের একপর্যায়ে ড. ইউনূসের কাছে জানতে চাওয়া হয়, আপনার প্রশাসন সংখ্যালঘুদের অধিকারের বিষয়টি যেভাবে সামলাচ্ছে, তা নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উদ্বেগ প্রকাশ করেছে। আপনি কীভাবে বিষয়টি সামাল দেওয়ার পরিকল্পনা করছেন?

উত্তরে ড. ইউনূস বলেন, ‘আমরা এ বিষয়ের ওপর বারবার পূর্ণ মনোযোগ রাখছি। এ কারণে আমরা অব্যাহতভাবে মনে করিয়ে দিই যে দেখুন, আপনারা এ দেশের নাগরিক। সংবিধান আপনাকে আপনার অধিকার দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, নিজেকে প্রকাশ করার অধিকার দিয়েছে, নিজের ধর্ম পালনের অধিকার দিয়েছে। এগুলো সংবিধান দ্বারা নিশ্চিত করা হয়েছে।...তাই সরকার হিসেবে আমাদের দায়িত্ব হলো সংবিধানে যেসব অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে, সেগুলো যাতে নাগরিকেরা ভোগ করতে পারে, তা নিশ্চিত করা।’


Comments